আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর আশপাশে সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা যায়।
ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা ২১ এপ্রিল থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।