চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানায়, এ ধরনের তথ্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষাকে ঘিরে কোথাও কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
তবে পরীক্ষা শেষ হওয়ার পরদিন প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এ ঘটনায় তাদের বা অধীনস্থ কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই।
জনগণকে এসব ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, গুজবে কান না দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও বিরত থাকতে হবে। পাশাপাশি, প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার চোখে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।