রাজনীতির নতুন পথে যাত্রা শুরু করলেও প্রথম ধাপেই মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সংরক্ষিত নারী আসনে জায়গা না পেলেও বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছেন তিনি এবং প্রকাশ করেছেন নিজের প্রতিক্রিয়া।
সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক জানান, কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিন-কে তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে রাজনীতিতে নিজেকে একেবারেই নতুন উল্লেখ করে বলেন, এই আসনে অংশগ্রহণের মধ্য দিয়েই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে।
পোস্টে তিনি আরও লেখেন, দল থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। তার লক্ষ্য পরিষ্কার—দেশ ও মানুষের জন্য কাজ করা, বিশেষ করে কুষ্টিয়ার মানুষের পাশে দাঁড়ানো এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা।
এর কিছুক্ষণ পরই ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ শিরোনামে ফেসবুক লাইভে এসে নিজের ভবিষ্যৎ পথচলার ইঙ্গিত দেন এই অভিনেত্রী।