ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা নিয়েও প্রায়ই আলোচনা হয়। এবার নিজের জীবনের অতীতের নানা সিদ্ধান্ত ও ভুল নিয়ে আক্ষেপের কথা জানালেন এই অভিনেতা।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে দুই দশকের বেশি সময়ের চলচ্চিত্র ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা এবং সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শাকিব খান। আলোচনার একপর্যায়ে জীবনে কোনো ভুল করেছেন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।
জবাবে শাকিব খান স্বীকার করেন, জীবনে তিনি অনেক ভুল করেছেন। এসব ভুলের কথা মনে পড়লে মাঝেমধ্যে তার আফসোস হয় বলেও জানান তিনি।
শাকিব বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে।’
কেন এসব ভুল হয়েছিল, এমন প্রশ্নের জবাবে নিজের ভাগ্যের কথাই সামনে আনেন তিনি। তার ভাষ্য, ভুলগুলো না হলে হয়তো জীবনের অনেক কিছু আরও সহজভাবে এগোতে পারত।
শাকিব বলেন, ‘ওই যে কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’
অতীতের সেসব বিষয় যে এখনো তাকে ভাবায়, সেটিও অকপটে জানান এই অভিনেতা। একান্তে নিজের সঙ্গে সময় কাটানোর সময় পুরোনো ঘটনাগুলোর হিসাব-নিকাশ তাকে মানসিকভাবে পীড়া দেয় বলে উল্লেখ করেন তিনি।
শাকিবের ভাষায়, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো পরিবর্তন করা সম্ভব নয়, সেটা আমাদের হাতে নেই। তবে যখন জেনে যাই এটা ভুল, তখন জেনে-শুনে আর সেটা করা যায় না।’
আলাপচারিতার একপর্যায়ে উপস্থাপক ইঙ্গিতপূর্ণভাবে তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও প্রশ্ন করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি শাকিব। দুজনকেই তার জীবনের অংশ হিসেবে উল্লেখ করে ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে চান বলে জানান তিনি।
শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’
তাদের সতর্ক করেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, দেখা হলে মাঝেমধ্যে এ বিষয়ে কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা খবর নিয়েও বিরক্তি প্রকাশ করেন শাকিব। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তা নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি বাস্তবে কোনো সম্পর্ক নেই, এমন অনেক ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়।
এসব অতিরঞ্জিত প্রচারের কারণে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। ফলে আগের তুলনায় এখন তিনি অনেক বেশি অন্তর্মুখী হয়ে গেছেন।
এদিকে ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে আশাবাদী শাকিব খান। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
তবে পেশাগত ব্যস্ততার বাইরে জীবনের আগামী দিনগুলো নিয়ে নিজের একটি আলাদা চাওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেতা। জীবনের বাকি সময়টা আনন্দ, হাসি ও স্বস্তির মধ্যে কাটাতে চান তিনি।