যশোরের শার্শায় চার কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক উলশী খাল আবার প্রাণ ফিরে পাচ্ছে, সরকারিভাবে শুরু হলো পুনর্খনন কাজ। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়, পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করেন, যেখানে খালটির পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার উল্লেখ রয়েছে।
উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত বিস্তৃত প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি প্রথম খনন করা হয় ১৯৭৬ সালের ১ নভেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে। স্থানীয়ভাবে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়। বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর তত্ত্বাবধানে পুনর্খনন কাজ চলছে।
এর আগে মার্চ মাসে দিনাজপুরে একটি খাল পুনর্খননের মাধ্যমে দেশজুড়ে ৫৪ জেলায় খাল খনন ও পুনর্খনন কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী।
সোমবার সকালেই অভ্যন্তরীণ ফ্লাইটে যশোরে পৌঁছে সরাসরি শার্শায় যান তিনি। দিনভর কর্মসূচির অংশ হিসেবে খালপাড়ে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়া, যশোর সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া বিকেলে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সবশেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যশোরে এটিই তার প্রথম সফর। এর আগে তিনি সর্বশেষ এ জেলায় গিয়েছিলেন ফেব্রুয়ারির শুরুতে, তখন দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।