জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়াতে একাধিক নতুন সুবিধা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতারণামূলক বার্তা শনাক্ত করা থেকে শুরু করে গ্রুপ চ্যাট ও ক্লাউড ব্যাকআপ সুরক্ষায় এসব ফিচার কাজ করবে। বর্তমানে সুবিধাগুলো পরীক্ষামূলকভাবে বিটা সংস্করণে চালু রয়েছে। সফল হলে পর্যায়ক্রমে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এগুলো উন্মুক্ত করা হতে পারে।
নতুন ব্যবস্থার মধ্যে অন্যতম হচ্ছে স্ক্যাম সতর্কতা। অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে কোনো বার্তা এলে সেটি শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করার ব্যবস্থা নিয়ে পরীক্ষা চলছে। আপাতত অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে এই সুবিধা পরীক্ষা করা হচ্ছে।
এ ছাড়া গ্রুপ চ্যাটের নিরাপত্তা বাড়াতেও নতুন ফিচার যুক্ত করার কাজ চলছে। এর মাধ্যমে গ্রুপের সদস্যদের চ্যাটের কনটেন্ট এক্সপোর্ট করার সুযোগ সীমিত করা এবং মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড বন্ধ রাখার সুবিধা পাওয়া যেতে পারে।
ক্লাউড ব্যাকআপের নিরাপত্তায়ও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপের। ছয় সংখ্যার পিনের পরিবর্তে আলফানিউমেরিক পাসওয়ার্ড এবং পাসকি ব্যবহারের সুবিধা পরীক্ষা করা হচ্ছে। এতে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মাধ্যমে ব্যাকআপ সুরক্ষিত করার সুযোগ থাকবে।
স্ক্যাম সতর্কতার ফিচারটি ব্যবহার করতে হলে সেটি ম্যানুয়ালি চালু করতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট মেনুতে গিয়ে এ সুবিধা সক্রিয় করা যাবে। মেটার দাবি, সন্দেহজনক বার্তা শনাক্তে ডিভাইসের নিজস্ব মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে চ্যাটের তথ্য মেটার সার্ভারে পাঠানোর প্রয়োজন হবে না এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনও বজায় থাকবে।
বর্তমানে এসব সুবিধা বিটা পরীক্ষায় রয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরের হোয়াটসঅ্যাপ পেজ থেকে সুযোগ থাকলে বিটা প্রোগ্রামে যুক্ত হতে পারেন। আইফোন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক সংস্করণটি TestFlight-এর মাধ্যমে পাওয়া যায়।