রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও সময়ের সঙ্গে তা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হতে পারে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে ঢাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ঝড়ো আবহাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।