বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের অদূরে একটি পণ্যবাহী জাহাজ ডুবে ২৪ নাবিক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার পানামার পতাকাবাহী সিঙ্গাপুরগামী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড উদ্ধার অভিযানে সহায়তা চেয়ে সতর্কবার্তা পাঠায়।
এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কোস্ট গার্ডের ভারদ ও আনমোল নামে দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। শ্রী বিজয়পুরম থেকেও ভিজিত নামে আরেকটি জাহাজ পাঠানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, একটি লাইফ র্যাফট থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি নাবিকদের সন্ধানে অভিযান চলছে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধারকাজে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।