যুক্তরাষ্ট্র ও ইরানের টানটান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, পাকিস্তানের মধ্যস্থতায় আসন্ন দ্বিতীয় দফার বৈঠক ফলপ্রসূ হবে এবং ইরান শেষ পর্যন্ত সমঝোতার পথে এগোবে।
সিএনএনকে -কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় অংশ নিতে যাচ্ছে। তবে তারা যদি পিছু হটে, তাহলে এমন পরিস্থিতির মুখে পড়বে যা আগে কখনো দেখেনি—এমন কড়া বার্তাও দেন তিনি।
তিনি একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক চুক্তির প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইরান চাইলে এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দেশকে পুনর্গঠনের পথে নিতে পারে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট—ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।
একইসঙ্গে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের পক্ষে অবস্থান তুলে ধরে ট্রাম্প দাবি করেন, পরিস্থিতি বিবেচনায় তাদের আর কোনো বিকল্প ছিল না। তার ভাষায়, একটি বড় ধরনের পদক্ষেপ ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন সব পক্ষের জন্য ইতিবাচক সমাধান আসবে বলেই তিনি আশাবাদী।