ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতকে কেন্দ্র করে হওয়া এ সমঝোতা ইতিহাসের অন্যতম বড় তেল চুক্তি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে আলোচনার পর এ চুক্তি হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি। ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন কোম্পানিগুলোর উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রায় নয় মাস পর এমন ঘোষণা দিলেন ট্রাম্প। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সন্ত্রাসবাদ ও মাদক পাচারসংক্রান্ত অভিযোগ রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় তেলসমৃদ্ধ দেশগুলোর একটি ভেনেজুয়েলা। দেশটির মাটির নিচে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বৈশ্বিক মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে দুর্বল অবকাঠামোর কারণে দেশটি বর্তমানে বিশ্বের মোট তেল উৎপাদনের মাত্র প্রায় ১ শতাংশ সরবরাহ করে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে চলা ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটন ইতোমধ্যে নিজেদের কৌশলগত তেল মজুত থেকেও বাজারে বিপুল পরিমাণ তেল ছাড়ছে। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন এই চুক্তির ঘোষণা বিশেষ গুরুত্ব পাচ্ছে।