দেশে হামের টিকা আমদানিতে বিলম্ব এবং পরীক্ষার কিটের সংকট নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আগের সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়েও শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকা আমদানি করা হয়নি, যার প্রভাব এখনো পরিস্থিতিতে পড়ছে।
বুধবার (২২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি স্বীকার করেন, দেশে হামের পরীক্ষার কিটের ঘাটতি রয়েছে, তবে ইতোমধ্যে বেশ কিছু কিট এসে পৌঁছেছে এবং বাকি কিট দ্রুত ছাড় করার প্রক্রিয়া চলছে।
সংসদ সদস্য সালাহ উদ্দিন প্রশ্ন তুলে বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হামের পরীক্ষা কার্যত বন্ধ রয়েছে। ফলে রোগ শনাক্তের জন্য নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে, এতে রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে।
প্রধানমন্ত্রী বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে জানান, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংকট কাটানোর চেষ্টা চলছে। বিশেষ করে ইউনিসেফ দ্রুত ভ্যাকসিন সরবরাহ করায় প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে সরকার কাজ করছে।