জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর পথনির্দেশনা বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ন্যায়সঙ্গত আর্থ-সামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন নিয়ে আয়োজিত সেমিনারে পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো নানা সংকট দেশের পানি ব্যবস্থাপনাকে দিন দিন আরও জটিল করে তুলছে।
মন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও অংশীদারত্বের ভিত্তিতে পানি ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন। সরকারের লক্ষ্য হচ্ছে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং আর্থ-সামাজিক উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া।
তিনি আরও জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা, কৃষির উন্নয়ন এবং ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করা হয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর দ্রুত প্রকল্পটি অনুমোদনের বিষয়ে তিনি আশাবাদী।
তিনি বলেন, দেশের পানি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পানি ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতি নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে এসডিজির বিভিন্ন লক্ষ্য অর্জনে পানি ব্যবস্থাপনা, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান।