ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে হামলায় জাহাজটির কোনো ক্রু হতাহত হননি।
মঙ্গলবার সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে বিষয়টি প্রকাশিত হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকারটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজটি চলাচলের সক্ষমতা হারিয়েছে। তবে জাহাজে থাকা সব নাবিক ও ক্রু নিরাপদ রয়েছেন।
ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল, অর্থাৎ প্রায় ১৬ দশমিক ৭ কিলোমিটার উত্তর-পূর্বে হামলার ঘটনাটি ঘটে। তবে জাহাজটি কোন দেশের এবং সেটি কোন গন্তব্যে যাচ্ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ব্রিটিশ সংস্থাটি।
চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা আরও বেড়েছে।