চট্টগ্রামের আনোয়ারায় আবারও থেমে গেল সার উৎপাদনের চাকা, মূল কারণ কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র সংকট। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার পর থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ডিএপিএফসিএলের প্রশাসন বিভাগের প্রধান আলমগীর জলিল বলেন, তারা সাধারণত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া পেয়ে থাকেন। কিন্তু গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকেই এই দুই কারখানা বন্ধ রয়েছে, ফলে সরবরাহ চেইন পুরোপুরি ভেঙে পড়েছে।
এই অবস্থায় বিকল্প কোনো উৎস না থাকায় ডিএপিএফসিএল চালু রাখা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, সিইউএফএল ও কাফকো চালু না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।
দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কারখানাটি বিসিআইসির অধীনে শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আনোয়ারার রাঙ্গাদিয়ায় স্থাপিত এই প্রকল্পে দুটি ইউনিটের মাধ্যমে দৈনিক ৮০০ টন ডিএপি সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে থাকা কারখানাটি বর্তমানে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টন সার উৎপাদন করছিল।