শুরুটা ছিল একদম ধাক্কাধাক্কির। কিন্তু সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে টেনে নিয়েছে বাংলাদেশ, আর সেই গল্পের কেন্দ্রেই আছেন নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম, দুজনই রানের খাতা খোলার আগেই ফিরে গেলে মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বসে দল।
এরপর হাল ধরেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের ১৬০ রানের জুটি বদলে দেয় ম্যাচের চিত্র। লিটন দাস ৯১ বলে ৭৬ রান করে আউট হলেও ইনিংসের ভিত গড়ে দেন।
অন্য প্রান্তে অনড় ছিলেন শান্ত। ধীরে ধীরে ইনিংস গড়ে তুলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। দারুণ এই ইনিংসে তিনি দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০৯ রান। শান্ত ১০১ রানে অপরাজিত, সঙ্গে আছেন তাওহীদ হৃদয়।
এর আগে টানা তৃতীয়বারের মতো টস হেরেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ফলে পুরো সিরিজেই আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। তবে শুরুতে বিপর্যয় কাটিয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল, তাতে বড় স্কোরের আশা এখন বেশ জোরালো।