কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্য ওসমান গণির সহযোগিতায় একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে।
ওসমান গণি জানান, পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ব্যাঙছড়ি ঘাট এলাকা থেকে মালায়ন নাইট হিরন প্রজাতির পাখিটি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়। বর্তমানে পাখিটি বন বিভাগের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, উদ্ধার হওয়া এই বিরল প্রজাতির পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মালায়ন নাইট হিরন (বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus), যা টাইগার বিটার্ন নামেও পরিচিত, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া যায় এমন একটি মাঝারি আকারের বক প্রজাতির পাখি। কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে এ পাখিটির দেখা মেলে।