রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৪ মে) এক ব্রিফিংয়ে তিনি জানান, রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম ৫ থেকে ৭ দিনের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।
সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ব্যক্তিস্বাধীনতার নামে অন্যের অধিকার ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত নানা বয়ান পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অনলাইন জুয়া ও বেটিং বন্ধে আধুনিক ও সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সঙ্গে আইনগত প্রক্রিয়ায় একাধিকবার যোগাযোগ করা হয়েছে। সরকারের লক্ষ্য, দেশের আদালতেই তার বিচার সম্পন্ন করা।
জাতীয় ঐক্যের প্রশ্নে তিনি বলেন, ‘রিকনসিলিয়েশন’ ধারণাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পক্ষ থেকে এসেছে। প্রয়োজন হলে ভবিষ্যতে বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
পাসপোর্টে পরিবর্তন আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নতুন পাসপোর্টে ‘একসেপ্ট ইজরাইল’ শব্দটি যুক্ত করা হবে। পাশাপাশি পাসপোর্টে বাংলাদেশের নিজস্ব পরিচয় ও ঐতিহ্যের প্রতিফলন থাকবে, কোনো রাজনৈতিক দলের ভাবধারা নয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের মুদ্রায় বীরশ্রেষ্ঠদের ছবি সংযোজন করা হবে, যাতে রাষ্ট্রীয় প্রতীকগুলোতে বাংলাদেশের ইতিহাস ও আত্মত্যাগের বিষয়গুলো গুরুত্ব পায়।