দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির মধ্যেও সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গের উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে বর্তমানে ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে। সেখানে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।