পুলিশ বাহিনীতে রাতারাতি আমূল পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেছেন, গত ছয় মাসে পুলিশের মনোবল অনেকটাই ফিরে এসেছে এবং অপরাধ দমনে বাহিনীটি এখন পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আলোচিত কিংবা অনালোচিত সব ধরনের অপরাধের ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পেরেছে বলে দাবি করেন তিনি।
রংপুরের চার খুনসহ বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ সংঘটনের যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। ক্ষেত্রবিশেষে দ্রুত বিচার নিশ্চিত করতেও সরকার সহযোগিতা করেছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ছিল ভঙ্গুর। গত ছয় মাসে সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। বাহিনীগুলোর আধুনিকায়ন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের জনগণের সেবক হিসেবে কাজ করতে উৎসাহ দেওয়া হচ্ছে।
ভালো কাজের স্বীকৃতিতে পুরস্কার, সনদ ও পদক দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই সঙ্গে অপরাধে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, একদিনে বৈপ্লবিক পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়। তবে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশিত একটি জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটানো হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া বক্তব্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, সাম্য, সহনশীলতা ও ন্যায়বিচারের আদর্শ অনুসরণের আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।