ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধ ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম রোববার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার অতিক্রম করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ঘোষণা দেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে ইরান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বাধা দেবে। খবর জানিয়েছে আল জাজিরা।
তবে পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, অবরোধটি সব জাহাজের ওপর নয়; কেবল ইরানগামী ও ইরান থেকে আসা জাহাজের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অন্য দেশের জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে এই পদক্ষেপ কার্যকর হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে।
মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরান হরমুজ প্রণালিতে কার্যত নিয়ন্ত্রণ জোরদার করার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বাড়তে থাকে। টানা ছয় সপ্তাহের সংঘাতের মধ্যে ব্রেন্টের দাম একসময় ১১৯ ডলার ছাড়িয়ে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণায় দাম নেমে আসে ৯২ ডলারের নিচে।
তবে নতুন করে অবরোধ ঘোষণার ফলে বাজারে আবারও সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।