দেশে হামের সংক্রমণ ও হামের মতো উপসর্গে আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার বিকেলে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৯৭ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও ১০০ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ৬০ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ রয়েছে ১ হাজার ১৫৬ শিশুর শরীরে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৫৬ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।