নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ এক পারিবারিক হত্যাকাণ্ডে স্বামী-স্ত্রীসহ দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে, সোমবার গভীর রাতে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ৯ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে পরিবারের সবাই একসঙ্গে ঘুমাতে যান। সকালে এক বৃদ্ধা বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ হলে ভেতরে উঁকি দেন। তখন তিনি রক্তাক্ত অবস্থায় চারজনের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এখনো নিশ্চিত কোনো কারণ জানায়নি পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।