ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব থামছেই না—প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
সোমবার (২০ এপ্রিল) সকালে হাসপাতালের হাম চিকিৎসা দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আনা ১১ মাস বয়সী এক শিশুকে রোববার ভর্তি করা হয়। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হামের সঙ্গে নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ শিশু।
পরিসংখ্যান বলছে, গত ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫৭ শিশু, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৩৮ জন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করে নতুন ভবনের অষ্টম তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ও নার্সরা নিয়মিতভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।