দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ রোগে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৪২৬ জনের।
এদিকে দেশে হাম আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ জন। আর উপসর্গসহ সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৫০৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এ সময়ের মধ্যে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জনকে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১১ জন।