এক মাসও পার হয়নি, এর মধ্যেই আবারও বাড়লো এলপিজির দাম, যা সরাসরি চাপ ফেলছে সাধারণ ভোক্তার ওপর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে এখন গুনতে হবে ১,৯৪০ টাকা, যা আগের চেয়ে ২১২ টাকা বেশি।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দর কার্যকর হয়েছে একইদিন সন্ধ্যা ৬টা থেকে।
এর আগে, চলতি মাসের ২ এপ্রিলও এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭২৮ টাকা। অর্থাৎ, মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারও ২১২ টাকা বাড়ানো হলো। মাসের শুরুতে ১,৩৪১ টাকা থেকে এক ধাপে ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করা হয়েছিল।
সব মিলিয়ে, এপ্রিল মাসেই এলপিজির দাম দুই দফায় বড় ধরনের বৃদ্ধি দেখলো ভোক্তারা।
নতুন নির্ধারণ অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে মাসের শুরুতে প্রতি কেজিতে বৃদ্ধি হয়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে আমদানি ব্যয় বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডিং প্রিমিয়াম এবং ডিজেলের দামের পরিবর্তন, এসব বিষয় বিবেচনায় এনে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।