রান্নার ঝামেলা কমাতে নতুন উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মা-বোনদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সহজে গ্যাস সুবিধা পেয়ে তারা স্বস্তিতে রান্না করতে পারেন।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনর্খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ডও পর্যায়ক্রমে মানুষের হাতে তুলে দেওয়া হবে।
তার বক্তব্যে তিনি বলেন, শহর কিংবা গ্রাম, সব জায়গার নারীদের জন্য রান্নার কাজ অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। এই উদ্যোগের মাধ্যমে সেই কষ্ট কমানোই সরকারের লক্ষ্য। এলপিজি গ্যাস সরাসরি পৌঁছে দিলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। প্রায় চার কিলোমিটার খাল খননের ফলে হাজার হাজার কৃষক উপকৃত হবে, বাড়বে খাদ্য উৎপাদন। খালের দুই পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।
তিনি দেশের জনশক্তিকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে বলেন, বিপুল জনগোষ্ঠীকে নিষ্ক্রিয় রেখে উন্নয়ন সম্ভব নয়। কর্মসংস্থান বাড়ানো, বন্ধ শিল্প চালু করা এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা করছে সরকার, পাশাপাশি মেধাবীদের জন্য থাকবে বিশেষ উপবৃত্তি।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের অস্থিরতা ও অর্থনৈতিক ক্ষতির পুনরাবৃত্তি ঠেকাতে জনগণকে সতর্ক থাকতে হবে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।