ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরীক্ষাগারে পরীক্ষা করে কাজী ফার্মসের মাফিন কেকে মানের ত্রুটি পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গত ১৩ সেপ্টেম্বর বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মাহমুদুল হক এ আদেশ দেন।
পরীক্ষাগারে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়কজাত খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে কাজী ফার্মসের মাফিন কেকের নমুনায় নির্ধারিত মানের চেয়ে অম্লতা বেশি পাওয়া যায়। উৎপাদনের ১৫ দিন পর পরীক্ষা করে কেকটির অম্লতা ৩ দশমিক ৩২ পাওয়া যায়, যেখানে নির্ধারিত মাত্রা ১।
এ ছাড়া কেকটিতে সরকার নির্ধারিত প্রিজারভেটিভও পাওয়া যায়নি বলে পরীক্ষায় উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষকরা জানান, পণ্যটিতে অম্লতা ও আর্দ্রতা বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মতে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কেকটি মানসম্মত নয় এবং খাবার হিসেবে উপযোগী নয়।
খাদ্য পরিদর্শন কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের পণ্য উৎপাদন না করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, বড় প্রতিষ্ঠান হলেও মানহীন খাদ্যপণ্য বাজারজাতের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে বাজার থেকে মানহীন পণ্য সরিয়ে নতুন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটি বাস্তবায়ন করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।