রাতের ঝড় যেন মুহূর্তেই সব শেষ করে দিল, জামালপুরের মেলান্দহে ঘুমের মধ্যেই প্রাণ হারালেন এক মা ও তার দুই মেয়ে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্ব দাগী গ্রামে কালবৈশাখীর তাণ্ডবে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়ের সময় ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের বসতঘরের ওপর ভেঙে পড়ে।
সে সময় ঘরের ভেতরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন খুকি বেগম (৬৫) ও তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) এবং ফতে আক্তার (৩৭)। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঝড় ও গভীর রাতের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল পাঠানো হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।