জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বান্দরবানে ভ্রমণপিপাসীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শনার্থীরা ঘুরে দেখার সুযোগ পাবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দিবসটি উপলক্ষে বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক এবং চিম্বুক পর্যটনকেন্দ্র ৫ আগস্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। ওই দিন এসব কেন্দ্রে প্রবেশে কোনো ধরনের টিকিট বা ফি দিতে হবে না।
জেলা প্রশাসন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরা এবং সাধারণ মানুষকে দিবসটির সঙ্গে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশ-বিদেশের পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।