চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ জন মাদক কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
রোববার (২৪ আগস্ট) বিকেল ৫টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া হালসানা মোড়ে জীবননগর থানা ও ৪ নম্বর সীমান্ত ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এর পাশাপাশি সামাজিক সচেতনতা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, যারা মাদক ব্যবসার পথ ছেড়ে স্বাভাবিক ও সৎ জীবনে ফিরতে চান, তাদের সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ দিতে হবে। তবে মাদক ব্যবসা, পরিবহন, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আইনানুগ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তাঁরা ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে সৎ ও স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন।
পরে আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। মাদকমুক্ত জীবনযাপন এবং সমাজের কল্যাণে কাজ করার শপথও গ্রহণ করানো হয় তাঁদের।
সমাবেশে বক্তারা চুরি, ডাকাতি, চোরাচালান, মানব পাচার, কিশোর গ্যাং, জুয়া ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলেন। মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্ব সম্পর্কেও সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।
বক্তারা মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধের পথ থেকে ফিরে আসা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে পুনরায় একীভূত হওয়ার সুযোগ তৈরি করা গেলে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সহজ হবে।