মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই স্বস্তির ইঙ্গিত। ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিতেই বিশ্ববাজারে দ্রুত প্রতিক্রিয়া দেখা গেছে। এই ঘোষণার পর শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি নেমে আসে প্রায় ৮৮ ডলারে, যা দিনের শুরুতে ৯৮ ডলারেরও বেশি ছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড হিসেবে ব্যবহৃত নাইমেক্স লাইট সুইট ক্রুড -এর দামেও উল্লেখযোগ্য পতন দেখা যায়, যা বাজারে চাপ কমার ইঙ্গিত দিচ্ছে।
পেছনে তাকালে দেখা যায়, সংঘাত শুরুর আগে ব্রেন্ট তেলের দাম ছিল ৭০ ডলারের নিচে। পরে মার্চের শুরুতে তা ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষদিকে সর্বোচ্চ ১১৯ ডলার পর্যন্ত উঠে যায়। সেই তুলনায় বর্তমান পতন বাজারে স্বস্তি ফিরিয়েছে।
শুধু জ্বালানি বাজার নয়, ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। ইউরোপের প্রধান সূচকগুলোর মধ্যে সিএসি ও ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স, উভয় বাজারের সূচক দুই শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাজ্যের এফটিএসই সূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই ডাও জোনস সূচক প্রায় ১.৩ শতাংশ এবং এসআ্যন্ডপি প্রায় ০.৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।