ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের ওপর রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট।
সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলোচিত মামলাটির রায় ঘোষণা শুরু করেন।
আসামিপক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
এর আগে গত ২০ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়। ২০১৯ সালে নুসরাত হত্যা মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাবেক অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ নুসরাত জাহান রাফি শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোর পর ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে তার গায়ে আগুন দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে ১০ এপ্রিল ঢাকায় তার মৃত্যু হয়। এরপর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।