পবিত্র হজ পালনকে সামনে রেখে বাংলাদেশ থেকে বিমানযাত্রা শুরু হচ্ছে আজ রাত থেকেই। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটটি মক্কার উদ্দেশে ছেড়ে যাবে, যেখানে থাকছেন ৪১৯ জন যাত্রী।
প্রথম এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে কঠোর ও বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হজযাত্রীরা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা অপেক্ষা করছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সফরের জন্য।
হজ কার্যক্রমের প্রথম দিন, শনিবার, দেশ থেকে মোট ১৪টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ মুসল্লি হজে অংশ নিচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো হজ মৌসুমে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। যাত্রী বহনের শেষ ফ্লাইটটি নির্ধারিত রয়েছে ২১ মে। অন্যদিকে, হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে।