সরকারের প্রতি জনসমর্থন ফের দৃশ্যমান, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রীর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে, গত দুই মাসে মানুষের আস্থা আবারও সরকারের দিকে ঝুঁকেছে, আর এর কেন্দ্রে রয়েছেন তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন প্রেস সচিব সালেহ শিবলী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম দুই মাসের কর্মকাণ্ড মূল্যায়নের অংশ হিসেবে এই ব্রিফিং আয়োজন করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করছেন, প্রটোকলের কঠোরতা কমিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
সরকারের প্রতি আস্থা ফিরে আসার বিষয়টিকে সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরে সালেহ শিবলী জানান, জনগণ যেমন প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রেখেছে, তেমনি প্রধানমন্ত্রীও সেই বিশ্বাসের প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, সরকারের ‘৬০ দিনে ৬০টি কাজ’ কর্মসূচির অধীনে বেশ কিছু উদ্যোগে অগ্রগতি হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু, ১১৩টি অধ্যাদেশ পাস এবং খাল খনন কর্মসূচি চালুর বিষয়গুলো উল্লেখযোগ্য। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে তা অপরিবর্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সামনে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।
অন্যদিকে, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, জনসেবার লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই লক্ষ্য পূরণে কাজ চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।