রাজধানীর গুলশানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল সেখানে জড়ো হয়ে হঠাৎ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ককটেল ছোড়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দুজনকে আটক করা হয়।
পরে আটক দুজনের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পুরো মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। ঘটনার পর গুলশান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।