কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটি চাল বহন করছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে এর ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত ছয়জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত করছে হাইওয়ে পুলিশ।