রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতাল-এ তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবারের সদস্যদের মধ্যে তিনি রেখে গেছেন স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
জানা গেছে, রক্তের প্লাটিলেট হঠাৎ কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার একপর্যায়ে তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়, যা পরবর্তীতে জটিল আকার ধারণ করে।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পর তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শোকবার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা, যার অবদান মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এই অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো।
মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।