দীর্ঘ কয়েক দিনের তীব্র তাপদাহ আর অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তির দেখা পেল রাজধানী। রোববার বিকেলের দিকে ঢাকার আকাশ হঠাৎ করেই বদলে যায়, আর তার কিছুক্ষণের মধ্যেই নামে কাঙ্ক্ষিত বৃষ্টি।
বিকেল ২টার পর থেকেই আকাশে ঘন মেঘ জমতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়তে থাকলে বিকেল ৪টার দিকে পুরো শহরজুড়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। এরপর দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
রাজধানীর বাংলামোটর, কারওয়ানবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। এতে একদিকে যেমন অফিসফেরত যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন, অন্যদিকে তীব্র গরম থেকে মুক্তি পেয়ে অনেকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, রোববার দুপুরের পর থেকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পাশাপাশি আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ আশপাশের এলাকায় আগামী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।