চাঁদে নভোচারী পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া চীনের গুরুত্বপূর্ণ চন্দ্রাভিযান চ্যাং’ই-৭-এর উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মিশনটি আর উৎক্ষেপণ করা সম্ভব হবে না বলে জানিয়েছে দেশটির মানববাহী মহাকাশ সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, লং মার্চ-৫ ক্যারিয়ার রকেট ব্যবহার করে চন্দ্রযানটি উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় সব শর্ত এখনো পূরণ হয়নি। সতর্কতা, নির্ভরযোগ্যতা ও মিশনের সফলতা নিশ্চিত করতেই উৎক্ষেপণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন করে কবে উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হবে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
চ্যাং’ই-৭ মিশনের মূল লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পানির সন্ধান করা। এর আগে ধারণা করা হচ্ছিল, সপ্তাহান্তে বা সোমবারের মধ্যেই চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হতে পারে।
মিশনের চন্দ্রযান ও রকেটকে ইতিমধ্যে হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে নেওয়া হয়েছিল। কয়েক দিন আগেও উৎক্ষেপণ কেন্দ্র ও সংশ্লিষ্ট সরঞ্জামের অবস্থা সন্তোষজনক বলে জানানো হয়।
তবে সাম্প্রতিক এক রকেট উৎক্ষেপণ ব্যর্থতার পর চ্যাং’ই-৭ মিশন পিছিয়ে দেওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর কিছুদিন আগে একই উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো একটি লং মার্চ-৭এ রকেটে উড্ডয়নের সময় অস্বাভাবিকতা দেখা দেয়। রকেটটিতে একটি যোগাযোগ স্যাটেলাইট ছিল। ওই ব্যর্থতার কারণ এখনো তদন্তাধীন।
চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচিতে ব্যাপক বিনিয়োগ করছে। সম্প্রতি পুনর্ব্যবহারযোগ্য রকেট সফলভাবে অবতরণ করানোর মতো অগ্রগতিও অর্জন করেছে দেশটি। চাঁদ অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার মধ্যেই চীনের এই উচ্চাভিলাষী কর্মসূচি এগিয়ে চলছে।