গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি-দখলবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ এখন তীব্র জ্বালানি সংকটের মধ্যে রয়েছে। সরকারের অপরিকল্পনা, দুর্নীতি ও লুটপাটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সরকার যদি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারে, গ্যাসের দাম কমাতে ব্যর্থ হয় এবং বিদ্যুৎ সরবরাহে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে না পারে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেবেন। একই সঙ্গে চাঁদাবাজির কারণে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বাজেটের পর কোনো পণ্যের দাম বাড়বে না বলে সরকার যে বক্তব্য দিয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তিনি সরকারকে প্রতারক সরকার বলেও মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচনের সময় যেসব পক্ষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল, এখন তাদের স্বার্থে দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে না পারলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরও জনগণ মেনে নেবে না। সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।