রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের এক দিন আগে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির সংসদীয় দলের এই সভায় রাষ্ট্রপতি পদে দলীয় ও সমমনা দলের প্রার্থী বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী।
ওই নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এর পর থেকে রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।
এবারের নির্বাচনে দুই প্রার্থী থাকায় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সামনে এসেছে। ভোটগ্রহণের আগে সরকারি দলের সংসদীয় দলের এই বৈঠককে তাই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।