উপসাগরীয় অঞ্চলের বাড়তে থাকা উত্তেজনার মাঝেও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাহাজ যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই নিশ্চয়তা চাইছে ঢাকা। এ লক্ষ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে বাংলাদেশ।
রোববার তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম এর সাইডলাইনে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালী নিরাপদে পারাপারের ব্যবস্থা করতে ইরানের সহযোগিতা চান।
এ অনুরোধের পরপরই দ্রুত সাড়া দেয় তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, সামগ্রিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জাহাজটির যাত্রা নিরাপদ থাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় থাকবে। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপ সফরের অংশ হিসেবে ব্রাসেল্স এ অবস্থান করছেন।
বৈঠকে শুধু জাহাজ চলাচল নয়, উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে, সংযম, সংলাপ এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দেয় ঢাকা। এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখেছে ইরানও।
এর আগে ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও একই ধরনের অনুরোধ জানানো হয়েছিল। সেখানে শুধু ‘বাংলার জয়যাত্রা’ নয়, অপরিশোধিত তেল বহনকারী আরেকটি বাংলাদেশগামী জাহাজের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়।
উল্লেখ্য, সংকটময় পরিস্থিতির মধ্যেও কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দেয় ইরান, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত ছিল। এ জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ঢাকা।