মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৩ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। পরে রায় ঘোষণার জন্য ৩১ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছিল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটিকে হত্যার চেষ্টারও অভিযোগ ওঠে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় আছিয়ার মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। ওই বছরের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
মামলাটির বিচার দ্রুত শেষ করতে সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। ১৩ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কসহ বিচারিক কার্যক্রম শেষ হয়।
২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
পরে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং হিটু শেখের পক্ষ থেকে আপিল হাইকোর্টে আসে। শুনানি শেষে আজ নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডই বহাল রাখলেন হাইকোর্ট।