অভিনয়জগতের জনপ্রিয় মুখ চন্দ্রশেখরন জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত, এবার আনুষ্ঠানিকভাবে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। একইসঙ্গে তার মন্ত্রিসভার আরও নয় সদস্যও শপথ গ্রহণ করেন।
তামিলাগা ভেট্ট্রি কাজগম (টিভিকে) নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানসহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সমর্থক। অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর থালাপতিকে স্বাগত জানান। পরে ‘বন্দে মাতরম’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে তামিল ভাষায় শপথ নেন বিজয়।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিডুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) সমর্থন নিয়ে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছায়। এর মাধ্যমে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।
টানা কয়েকদিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে রাজ্যপালের কাছে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন থালাপতি বিজয়। এরপরই তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ের এই যাত্রাকে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।