চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার সময় ১৭ জেলেকে আটক করেছে প্রশাসন। এর মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, আর অপ্রাপ্তবয়স্ক ৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ দল। সদর উপজেলার আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় পরিচালিত এ অভিযানে জাটকা ধরার সময় হাতেনাতে ১৭ জেলেকে আটক করা হয়।
অভিযানকালে তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, প্রায় ১০ হাজার মিটার কারেন্টজাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়।
পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে চারটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একই অঙ্কের জরিমানা করা হয়।
জব্দকৃত জাল ও নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। আর উদ্ধার হওয়া জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, তানভীর রাব্বী, সাজিদ হক ও দিপংকর বাড়ৈ নেতৃত্ব দেন। পাশাপাশি মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।